Sylhet Today 24 PRINT

সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়: রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সংবিধানকে তারা (আওয়ামী লীগ) কেটে নিজেদের মতো করে একটা মুড়ির ঠোঙা বানিয়েছিল। এখন রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম; জনগণের নাগরিক অধিকার, অবাধ-সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার, সেই সব প্রয়োজনীয় সংস্কার করতে বেশি সময় লাগার কথা না।

ভারত ইস্যুতে রিজভী বলেন, তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো স্বৈরশাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না।

ভারতে ইলিশ মাছ পাঠানো নিয়ে এক উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আবেগ দিয়ে কথা বললে তো হবে না। আমরা কোনো দিনই ইলিশ রপ্তানিতে বাধা দিইনি। কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে’, তখন তো আমাদের মধ্যে ভিন্ন আবেগ তৈরি হবেই। ভারতে যখন সংকট হয়, তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। রপ্তানি শুল্ক বাড়িয়ে দেয়। ভারত আমাদের এক ইঞ্চিও ছাড় দেয় না।

অনুষ্ঠানে খুন-গুমের শিকার বিএনপি নেতাকর্মীকে আর্থিক অনুদান দেওয়া হয়। আরও বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.