Sylhet Today 24 PRINT

শনিবার ৭ দলের সঙ্গে ইউনূসের আলোচনা, নেই বিএনপি-জাপা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০২৪

আগামীকাল শনিবার দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী উপস্থিত ছিলেন।

দলগুলো হলো গণফোরাম, এলডিপি, লেবার পার্টি, বারোদলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব রহমান পার্থ), জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল। এবারও সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

আবুল কালাম আজাদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি প্রাধান্য পাবে।

এ সময় মির্জা ফখরুলের মাইনাস টু ফর্মুলা ইস্যু বিষয়ে মন্তব্য করতে বললে তিনি বলেন, সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। এসব নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তা হওয়ার সম্ভাবনাও নেই।

তিনি আরও বলেন, চাঁদাবাজি করলে শক্ত হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। কারা দাম বাড়াচ্ছে তা জানানো হলে সরকার ব্যবস্থা নেবে। পরিবহনে চাঁদাবাজির বিষয়ে খাত সংশ্লিষ্টরা কাজ করবেন।

পোশাকশিল্প ইস্যুতে তিনি বলেন, বর্তমানে ৯৯ শতাংশ গার্মেন্টস খোলা রয়েছে। দু-একটি গার্মেন্টস বন্ধ রয়েছে। তবে সেখানে শ্রমিক অসন্তোষ নেই। শিগগিরই সেগুলো খোলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.