Sylhet Today 24 PRINT

নির্বাচন নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০২৪

২০২৫ সালে নির্বাচন হবে, বেসরকারি একটি টেলিভিশনের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার বলেছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এরপর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন শুক্রবার বলেছেন, আইন উপদেষ্টার বক্তব্য তার নিজস্ব, এটা সরকারের নয়। এমন অবস্থায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আসিফ নজরুল।

শনিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে আসিফ নজরুল বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর ।

তিনি আরও বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রনয়ণ ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।

তিনি জানান, এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে নির্বাচন কবে হতে পারে—দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এক প্রশ্ন করেন। জবাবে আইন উপদেষ্টা বলেন, আমার কাছে মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে। অনেক ফ্যাক্টর রয়েছে। এটা প্রাইমারি অ্যাজাম্পসন (প্রাথমিক অনুমান)। এরপর শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজার সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য সরকারের নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.