সিলেটটুডে ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০২৪
পরবর্তী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই।’
তিনি বলেন, ‘আগের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, নির্বাচনি অপরাধীদের বিচার করা হবে। অতীতের নির্বাচনি অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে।’
ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির অংশগ্রহণে অনুষ্ঠিত ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।