Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা-রেহানা পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা করেছে।

মঙ্গলবার ব্যাংকগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এ ছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালাসংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।

শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে এই সাতজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.