Sylhet Today 24 PRINT

ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোজার ঈদ লন্ডনে উদযাপন করে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

এম এ মালেক বলেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ তিনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই তার পাশে রয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্য বিএনপির টিম তার পাশে আছি। আলহামদুলিল্লাহ তিনি মেন্টালি খুব রিলাক্সড্। আমরা তাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, তিনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরই বাংলাদেশে যাবেন। তিনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন।’

তিনি আরও বলেন, হাসিনাই তাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ মেহেরবাণী। আল্লাহর ক্ষমতা অনেক বেশি। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। হাসিনা যখন লন্ডনে আসে তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার।

খালেদা জিয়ার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথাবার্তা হয়নি। আমরা কোনো কথাবার্তা বলবও না। কারণ রাজনীতিতে তার অনেক সোর্স রয়েছে। তিনি অনেক ব্রিফ পান এবং তার দৃষ্টি বাংলাদেশের প্রতি রয়েছে।’

গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় ওঠেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আরথ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.