সিলেটটুডে ডেস্ক | ১১ মে, ২০২৫
বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণাকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বিচার প্রক্রিয়ার জন্য আমার মনে হয় সন্ত্রাসবিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে।
রোববার (১০ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট ‘নাগরিক কোয়ালিশন সেমিনার’ শেষে বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই, গণতন্ত্রের চর্চাও নেই।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পৃথিবী কি আর স্বীকৃতি দেয়? দেশের মানুষ কি স্বীকৃতি দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, তারা একটি মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের ওপর। তাদের অত্যাচার, নিপীড়ন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটেছে।’
শাহবাগে বিএনপি কেন যায়নি? এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা শাহবাগে কেন যাব? আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি। মৌখিকভাবেও বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য রেখেছি। আমাদেরকে শাহবাগে গিয়ে এ কথা বলতে হবে কেন? তার আশঙ্কা, গণতন্ত্র উত্তরণের পথে পরিক্রমায় যদি কোনো দীর্ঘায়িত পদক্ষেপ ও কৌশল নেওয়া হয় তাহলে হয়তো সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হতে পারে।’