Sylhet Today 24 PRINT

হত্যামামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় মো. সাগর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সংগীতশিল্পী মমতাজ বেগমকে চারদিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার সাতদিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। মমতাজের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

সোমবার রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন ১০ নং গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলেই মারা যান মো. সাগর। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর থানায় শেখ হাসিনার নাম উল্লেখ করে ২৪২ জনের নামে হত্যা মামলায় দায়ের করেন।

মমতাজ বেগম এই মামলায় ৪৯ নং এজাহারনামীয় আসামি।

লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ নবম সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালে তাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়।

২০১৮ সালেও নৌকা নিয়ে জয় পাওয়া মমতাজ ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে দলের নেতা এক স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.