সিলেটটুডে ডেস্ক | ১৬ মে, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’ আত্মপ্রকাশ করেছে।
নবগঠিত এ সংগঠনে অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ)এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের মঞ্চে জুলাই আন্দোলনের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়।
যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্যসচিব জাহেদুল ইসলাম পেশায় চিকিৎসক। আর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী।
নাসীরুদ্দীন পাটওয়ারী এই তিনজনের নাম ঘোষণার পর কমিটির আরও কিছু নেতার নাম ঘোষণা করেন জাহেদুল ইসলাম৷ তিনি জানান, তাদের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে তুহিন মাহমুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা দায়িত্ব পালন করবেন।
১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান জাহেদুল।