Sylhet Today 24 PRINT

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন ড. মোশাররফ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০২৫

উদ্বেগ-উৎকণ্ঠা-গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। যে কারণে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এদিকে বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে থাকে। এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ‘প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার’ কথা গণমাধ্যমকে জানান এনসিপির প্রধান নাহিদ ইসলাম। এ নিয়ে নানা রকম গুঞ্জন ছড়ায়।

গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব তার ফেসবুকে পেজে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। পরে তিনি সেই পোস্ট মুছে দিয়ে জানান, এটা তার ব্যক্তিগত মতামত।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদও জানান, বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.