Sylhet Today 24 PRINT

একটি দলকে সন্তুষ্ট করতে এপ্রিলে নির্বাচনের কথা বলা হয়েছে: বাসদ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০২৫

অধিকাংশ দলের মতামত উপেক্ষা করে একটি দলকে সন্তুষ্ট করতে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা।

তারা বলেছেন, ‘আগামী বছর এপ্রিলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।’

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের পরে শনিবার (৭ জুন) বিকেলে বাসদের প্রতিক্রিয়া আসে গণমাধ্যমে।

দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টার ভাষণে গণদাবি উপেক্ষা করে যেনতেন একটা সময় ঘোষণা করা হয়েছে। তাতে ওই সময়ে নির্বাচন হয়তো সম্ভব হবে না জেনেই করা হয়েছে যেন ইউনূস সরকারের ক্ষমতা বা মেয়াদ দীর্ঘস্থায়ী হতে পারে। এতে দেশি-বিদেশি লুটেরার স্বার্থ হাসিল করা সহজ হবে।’

প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাসদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘোষণা অধিকাংশ রাজনৈতিক দল ও জনমনে প্রশ্ন তৈরি করেছে যা ১০ মাসের ঘটনা পরম্পরায় কোনো রাজনৈতিক দুরভিসন্ধি আছে কি না সে সন্দেহ খারিজ করা যাচ্ছে না।’

দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ডিসেম্বর কিংবা জনুয়ারিতেই নির্বাচন হওয়া যথার্থ ছিল বলে মনে করেন বাসদ নেতারা।
জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করার কথা বলেছেন।

এর সমালোচনায় বাসদের বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন বন্দোবস্তের নামে এই প্রতিহত করার কথা কি পুরোনো ফ্যাসিবাদের নতুন সুর মনে হতে পারে না?’

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার ‘একগুঁয়েমি মনোভাব’ দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যেতে পারে বলেও বাসদ নেতারা আশঙ্কা করছেন।

প্রধান উপদেষ্টা রাখাইন মানবিক করিডর নিয়ে যে বক্তব্য করেছেন তাতেও ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

প্রধান উপদেষ্টার ভাষণে দেশের আপামর শ্রমজীবী মানুষের সংকট, শ্রমিকদের ন্যুনতম মজুরি, বন্ধ মিল-কারখানা চালু করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য না আসায় বাসদ নেতারা হতাশা প্রকাশ করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.