Sylhet Today 24 PRINT

ফখরুলের কণ্ঠ নকল করে প্রার্থী তালিকা প্রকাশকে অসত্য বলছে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০২৫

জনমনে বিভ্রান্তি তৈরি করতে কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও গণমাধ্যমে প্রকাশ করছে। সেখানে দেখানো হয়েছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণসহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আহ্বান জানাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.