Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ দেশে নাই, তারা ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে: আমীর খসরু

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশে নেই। নির্বাচনী রেসেও নেই। তাদের নেত্রীও নেই। সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনারও কিছু নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে—এমনটা ভাবার কারণ নেই। আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শক্ত অবস্থান নিতে হবে সরকারকেও। আইনশৃঙ্খলা বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে—এটাই প্রত্যাশা।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার (১২ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। ওই বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আমীর খসরু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি কীভাবে এগোচ্ছে, মনোনয়ন প্রক্রিয়া কীভাবে হচ্ছে—এসব নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে। নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষক পাঠাবে ইইউ। সুশীল সমাজের সঙ্গেও কথা বলবে তারা। মূলত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসুক, সেটাই তারা চায়।

জুলাই সনদ নিয়ে আমীর খসরু বলেন, আলোচনা ও ঐকমত্যের পরে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এরপর আরও কী থাকতে পারে, তা বোধগম্য নয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.