Sylhet Today 24 PRINT

প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২৫

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট।

সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করার ঘোষণা অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তারা এমন মন্তব্য করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার এ ঘোষণায় উৎফুল্ল হয়েছেন। এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল তা কেটে গেছে। আমরা বিশ্বাস করি, দেশের সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর আর কোনো নতুন দাবি উত্থাপন না করে পুরোপুরি নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত হবেন।

তারা বলেন, জাতীয় নির্বাচনে পাশাপাশি একইদিন গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ ।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জালাল হায়দার, বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.