সিলেটটুডে ডেস্ক | ১৭ নভেম্বর, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা একজনকে ধমক দিচ্ছেন—১১ সেকেন্ডের এমন একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল। এই ভিডিও ফেসবুকে শেয়ার করে পদ হারিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা।
কেন্দ্রীয় ছাত্রদল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানিয়েছে।
পদ হারানো ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান (৩২)। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
২০১৮ সালে তিনি ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করে পরাজিত হন। খায়রুল জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (নাছির) আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের খাইরুলের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, ‘আমাদের মহাসচিব এক ব্যক্তিকে ধমক দেন। আজ (রোববার) দুপুরের দিকে আমি ওই ভিডিওটি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম। এটাই আমার অপরাধ।’
খাইরুল ইসলাম আরও বলেন, ‘রাজনীতিতে সহনশীলতা–পরমত সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। ওই ব্যক্তিও (যাকে ধমক দেওয়া হয়েছে) তো আমাদের ভোট দিয়ে বিজয়ী করবেন। সেই ব্যক্তি বা কর্মীকে ধমক দেওয়া আমাদের দলের ইমেজ ক্ষুণ্ন করে। তাদের ভোটেই তো আমরা নির্বাচিত হব। এ জন্য তাদের প্রতি আমাদের সহনশীল থাকা উচিত।’