Sylhet Today 24 PRINT

জামায়াতের কাছে মামুনুল হকের জন্য ২টিসহ ৩০ আসন চায় খেলাফত মজলিস

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। দলটির আমির মামুনুল হকের জন্য দুইটি আসনসহ দলটি জামায়াতের কাছে ৩০টি আসন চাইবে বলে জানা গেছে।

দুই লক্ষ্যে এগোচ্ছে খেলাফত মজলিস। দলটির প্রাথমিক লক্ষ্য জামায়াতের কাছ থেকে ৩০টি আসনে সমঝোতা; আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রতিটি জেলায় দলটির একজন ভালো প্রার্থীর আসন নিশ্চিত করা।

খেলাফতের নেতারা বলছেন, প্রথম পছন্দের তালিকায় থাকা ৩০জন প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি আছে। তাদের ব্যাপারে আমরা কোনো সমঝোতা করব না।

বাংলাদেশ খেলাফত মজলিসের তালিকায় রয়েছেন- ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, শরীয়তপুর-১ আসনে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ফরিদপুর-২ আসনে অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আকরাম আলী, সুনামগঞ্জ-৩ আসনে নায়েবে আমির সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, কিশোরগঞ্জ-৬ আসনে যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ফরিদপুর-১ আসনে যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হুসাইন, ময়মনসিংহ-৪ (সদর) আসনে মাওলানা মুহিববুল্লাহ, নরসিংদী-৩ আসনে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ফরিদপুর-৪ আসনে মাওলানা মিজানুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ-৪ আসনে আনোয়ার হুসাইন, কক্সবাজার-২ আসনে মাওলানা উবাইদুল কাদের নদভী, চাঁদপুর-১ (কচুয়া) মুফতি আনিসুর রহমান, ময়মনসিংহ-২ আসনে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি মোহাম্মদুল্লাহ, নেত্রকোনা-১ আসনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, ঢাকা-১৪ আসনে হাব নেতা হাফেজ নুর মোহাম্মদ, ময়মনসিংহ-১ আসনে হালুয়াঘাট থানা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, গাজীপুর-৩ আসনে ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মাওলানা এহসানুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মুফতি আমজাদ হুসাইন আশরাফী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, হবিগঞ্জ-১ আসনে সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, ‘জামায়াতের সঙ্গে সব দলের আসন সমঝোতার আলোচনা চলছে। সব দল নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করছে। তবে কে কত আসনে প্রার্থী দেবে, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। শিগগির দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.