সিলেটটুডে ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের প্রাথমিক সদস্য ফরম পুরণ করে দলে যোগ দেন তিনি।
এ সময় মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
তিনি ইসলাম ও ইসলামি মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
এ সময় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
মেজর আখতারুজ্জামান বলেন, আমি জামায়াতে যোগ দিয়েছি কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নেব না।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।