Sylhet Today 24 PRINT

‘পোস্টার মিলন’ নামে পরিচিত সাইফুদ্দিন পেলেন ঢাকা-৭ আসনে জাপার মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন পুরান ঢাকার ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। এ-পরিচয়ের বাইরে তার অন্য নামে পরিচিত তিনি। ‘পোস্টার মিলন’ নামে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিত।

রাজধানী ঢাকাতে তার নামে পোস্টারের দেখা মিলত এক সময়। বছরের পুরোটা সময় তিনি পোস্টার লাগাতেন। জাতীয় পার্টির কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন দিবসে তার নামে পোস্টারের দেখা মিলত। এমনটা তিনি করে আসছেন দুই দশকের বেশি সময় ধরে, এমনই জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন।

গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ৩০০ সংসদীয় আসনের মধ্যে যে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তাতে রয়েছে তার নাম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা-৭ আসনে প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছিলেন ৭ হাজার ৩০৮ ভোট। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

কেবল জাতীয় সংসদ নির্বাচনই নয়, হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনেও দুইবার প্রার্থী হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.