Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম-২ আসনে জামায়াত প্রার্থীর আপিলে বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আপিল শুনানিতে এ রায় দেয় কমিশন।

জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এরপর যাচাই-বাছাই শেষে আপিল শুনানিতে বিএনপি প্রার্থীর এ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়।

এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।

কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

এর আগে, ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বিএনপির এ প্রার্থীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে পাল্টা আপিল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.