Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ, বাকশাল, গণফোরাম হয়ে এবার বিএনপিতে যোগ দিলেন আবু সাইয়িদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০২৬

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দেওয়ার আগে তিনি গণফোরামেও যোগ দিয়েছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এর আগে মঙ্গলবার তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, নব্বইয়ের দশকে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ।

অধ্যাপক সাইয়িদ দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবার এমপি হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন, সেসময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে হেরে যান।

সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

অধ্যাপক সাইয়িদ বলেন, “চারদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে, তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.