সিলেটটুডে ডেস্ক | ০৮ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আড়াইশর বেশি আসন জিতে বিএনপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এরশাদ খান।
শনিবার দিনভর তারেক রহমানের পক্ষে রাজধানীর ক্যান্টনমেন্ট, কচুক্ষেত, রজনীগন্ধা এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে ভোটারদের থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান তিনি।
তারেক রহমান ঢাকা- ১৭ আসনে নির্বাচন করছেন। তার নির্বাচন প্রচার উপ-কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি। এরশাদ খানের নেতৃত্বে একটি টিম বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে তারেক রহমান তথা ধানের শীষের জন্য ভোট চান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকান ব্যবসায়ী, ফুটপাতের বিক্রেতার হাতে ধানের শীষের মার্কা সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে এরশাদ খান বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ধানের শীষের বিজয়ের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে। মানুষ বিশ্বাস করে, আগামী প্রজন্মের জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ সাড়ে পনের বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। "আমরা মনে করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্র, সুশাসন ও অগ্রগতির পক্ষে জাতীয়তাবাদী শক্তির বিজয়।"
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, খালিদ হাসান সুয়েব, এলিন, ওয়ালিল্লাহ, সাজ্জাদ সানি, নেহাল, টগর, সোহাগ প্রমুখ।