Sylhet Today 24 PRINT

জামায়াতকে ভোট দেওয়া নাজায়েজ: মির্জা ফখরুল

সিলেটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি হেফাজতে ইসলামের আমীরের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনী সভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, একটা দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, ‘ধানের শীষে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে না।’ অথচ আমাদের হেফাজতে ইসলামের আমীর সাহেব বলেছেন, ‘জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ।’

তিনি আরও বলেন, তাদের (জামায়াত) সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব। তিনি বলেছেন, ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী।’ সুতরাং এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো।

ভোটারদের উদ্দেশ্য করে ধানের শীষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, কোনো বিভ্রান্ত না হয়ে, দেশের উন্নয়নের জন্য, ১৯৭১ সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য, ২৪-এর জুলাইয়ের যুদ্ধকে ধারণ করবার জন্য—আসুন আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং দেশে উন্নয়ন করি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.