Sylhet Today 24 PRINT

দলপ্রধান হয়েও হেরেছেন মামুনুল হক, জিএম কাদের, মাহমুদুর রহমান মান্না ও মজিবুল মঞ্জু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে হেভিওয়েট প্রার্থীদের পরাজয়। বিশেষ করে নিজ নিজ দলের প্রধান হওয়া সত্ত্বেও নির্বাচনে পরাজিত হয়েছেন মাওলানা মামুনুল হক, জি এম কাদের, মাহমুদুর রহমান মান্না এবং মজিবুর রহমান মঞ্জু।

মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। ঢাকা-১৩ আসনে তিনি বিএনপির ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন।

বিএনপির ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭টি ভোট পেয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি।

জি এম কাদের
জি এম কাদেরের পরাজয় জাতীয় পার্টির অস্তিত্বের সংকটকে আরো ঘনীভূত করেছে। দলের চেয়ারম্যান রংপুর-৩ (সিটি কর্পোরেশনে ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুরে এবার একটি আসনও পায়নি দলটি।

রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শামসুজ্জামান সামু ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন। এ আসনে জিএম কাদের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হেরে গেছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫।

মাহমুদুর রহমান মান্না
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে তিনি শেষপর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন, যার ফলে জামানত হারিয়েছেন তিনি।

এই আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ আসনে নির্বাচন করে বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন। ফেনী-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ঈগল প্রতীকে ৮০ হাজার ৫৮ ভোট পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.