Sylhet Today 24 PRINT

ধানমন্ডি ৩২ এলাকা থেকে কবি কুতুব হিলালী-সহ আটক ২৬

পুলিশ বলছে, তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নিতে গিয়েছিল

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২৬

ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের।

শুক্রবার জুমার নামাজের পর তাদেরকে আটক করা হয় বলে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “তারা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”

দলটির তৎপরতা ঠেকাতে ধানমন্ডি এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আটককৃত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এদের মধে কুতুব হিলালী নামের একজন কবি রয়েছেন। ছড়িয়ে পড়া একটা ছবিতে তাকে “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জয় বাংলা” লেখা একটা প্ল্যাকার্ড হাতে দেখা গেছে। এরআগেও তাকে নানা সময় বঙ্গবন্ধুর নামে বিভিন্ন কর্মসূচি পালন করতেও দেখা যায়।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিগগিরই ফিরবেন’ তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়। গত নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সেই নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। আওয়ামী লীগও দলীয় ব্যানারে কোন কর্মসূচি পালন করছে না। তবে এসবের মধ্যেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ের তথ্যও দেয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.