Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতি নির্বাচন: অলির পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন ১১-দলীয় ঐক্যের নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

তার পক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৯ মিনিটে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, মনোনয়ন ফরমে প্রস্তাবক হলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক হলেন এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.