Sylhet Today 24 PRINT

সরকার ‘চরম ডানপন্থী ও ধর্মাশ্রয়ী’ অবস্থান থেকে ‘মক্কা প্যাক্টকে’ মুসলিমদের জোট বলছে: সিপিবি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত হয়ে সরকার বাংলাদেশকে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট) নামের সামরিক জোটে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সরকারের এ উদ্যোগকে ‘অত্যন্ত বিপজ্জনক’ আখ্যা দিয়ে দলটি বলছে, ক্ষমতাসীন বিএনপি সরকারের পররাষ্ট্রবিষয়ক একাধিক মন্ত্রী ও উপদেষ্টা ‘চরম ডানপন্থী ও ধর্মাশ্রয়ী’ অবস্থান থেকে ‘মক্কা প্যাক্টকে’ মুসলিম দেশগুলোর একটি জোট হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, ‘কোনো সামরিক জোটে যোগ দিলে বাংলাদেশ অন্যের সংঘাত ও যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা, জোট নিরপেক্ষ অবস্থান, অর্থনৈতিক শক্তি, জনগণের ঐক্য এবং স্বাধীন পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রধান ভিত্তি। এসব বিষয় শক্তিশালী করার পরিবর্তে কোনো যুদ্ধ জোটে যুক্ত হওয়া দেশের জন্য নিরাপত্তাঝুঁকি বাড়াবে।’

বিবৃতিতে বলা হয়, দূরবর্তী অঞ্চলের সংঘাত ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা স্বার্থকে ঝুঁকির মুখে ফেলার কোনো পদক্ষেপ জনগণ মেনে নেবে না। অর্থনৈতিক, বাণিজ্যিক, শ্রমবাজার, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার সঙ্গে সামরিক জোটকে এক করে দেখার সুযোগ নেই। বর্তমান সংঘাতপূর্ণ বিশ্বে কোনো একটি সামরিক ব্লকের অংশ হয়ে গেলে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিপিবি বলছে, ক্ষমতাসীন বিএনপি সরকারের পররাষ্ট্রবিষয়ক একাধিক মন্ত্রী ও উপদেষ্টা ‘চরম ডানপন্থী ও ধর্মাশ্রয়ী’ অবস্থান থেকে ‘মক্কা প্যাক্টকে’ মুসলিম দেশগুলোর একটি জোট হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

অবিলম্বে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়ার অভিপ্রায় থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের সঙ্গে সামরিকভাবে যুক্ত হওয়ার নীতি পরিহারের আহ্বানও জানিয়েছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.