সিলেটটুডে ডেস্ক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই দলের শীর্ষ পর্যায় ও সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে তিন নতুন মুখ আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শুক্রবার রাতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভার্চ্যুয়াল সভায় দলীয় প্রধান শেখ হাসিনাকে এই তিনজনের পদ নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাপক পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটি থেকে বড় একটি অংশ বাদ পড়ার ইঙ্গিত মিলেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভার্চ্যুয়াল সভায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন দেশের নেতারা যুক্ত ছিলেন। হাসিনাসহ মোট ৩৭ জন নেতা সভায় অংশ নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত একাধিক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সভায় কৌশলগত সিদ্ধান্ত গোপন রাখার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, পরিকল্পনা গণমাধ্যমে ফাঁস করা কিংবা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। দলীয় আনুষ্ঠানিক বিবৃতির বাইরে সভার অভ্যন্তরীণ তথ্য প্রকাশ না করতেও কঠোর নির্দেশ দেওয়া হয়।
রদবদলের অংশ হিসেবে নতুন তিন পদের জন্য শ ম রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।