Sylhet Today 24 PRINT

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, পরে পুলিশ ধরে নিয়ে গেল অর্ধশতাধিক নেতাকর্মীকে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের পর সেখানে জড়ো থাকা নেতাকর্মীদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ বলছে, প্রতিনিধি সভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। জাসদ বলছে, সরকার দল বিএনপির নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এনিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা তিনটা থেকে শুরু হওয়া এ অভিযানে ঘটনাস্থলে থাকা সাংবাদিক নেতাসহ অনেককে আটক করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিকেল পৌনে পাঁচটার দিকে বলেন, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। সেখানে বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নিয়ে এসেছে।

আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, যাচাই–বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল আজ। সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতা-কর্মী প্রতিনিধি সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় তাদের অনুষ্ঠান শুরু হয়। তিনি দাবি করেন, প্রথমে বিএনপির নেতা–কর্মীরা এসে তাদের নেতা–কর্মীদের মারধর করেন। সেখানে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিকেলে পুলিশ এসে নেতা–কর্মীদের আটক করতে শুরু করে। তাদের কোনো নেতা–কর্মী বের হতে পারেননি। পর্যায়ক্রমে সবাইকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

সাজ্জাদ হোসেন বলেন, জাসদ কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে। তিনি কেন সেখানে গিয়েছিলেন জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, উনি জাসদ সমর্থক। সেজন্য দলের কার্যালয়ে এসেছিলেন।

এদিকে, প্রতিনিধি সভার অনুমতি চেয়ে গত ২৪ সেপ্টেম্বর ডিএমপির উপ-পুলিশ কমিশনারের আবেদন করেছিল জাসদ। আবেদনে শনিবার, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জাসদ কেন্দ্রীয় কার্যালয়, (৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান) কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতিনিধি সভার জন্য মাইক ব্যবহারের অনুমতি এবং নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছিল দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.