সিলেটটুডে ডেস্ক | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে প্রতিনিধি সভায় দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের পর সেখানে উপস্থিত ২৮০ থেকে ৩০০ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ বলছে আটকদের তথ্য যাচাই করা হচ্ছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আটকদের সংখ্যার তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। এ সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।’
তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে তারা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন মর্মে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে।
এ ছাড়া তারা আরও কোনো কর্মকাণ্ড করেছেন কিনা এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও যাচাই করা হবে বলে জানান ডিসি হারুন।
তিনি জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা বলতে পারছেন না।
ডিসি হারুন বলেন, ‘তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার স্বার্থে আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’
যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে অন্য যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়া নেওয়া হবে বলেও জানান ডিসি হারুন।
ডিসি হারুন জানান, সেখানে সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ আছেন কিনা, পুরো বিষয়টি যাচাই-বাছাই করে পরের ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্তের সুবিধার্থে তাদের পল্টন থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে বলেও তিনি জানান।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল আজ। সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতা-কর্মী প্রতিনিধি সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় তাদের অনুষ্ঠান শুরু হয়। তিনি দাবি করেন, প্রথমে বিএনপির নেতা–কর্মীরা এসে তাদের নেতা–কর্মীদের মারধর করেন। সেখানে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিকেলে পুলিশ এসে নেতা–কর্মীদের আটক করতে শুরু করে। তাদের কোনো নেতা–কর্মী বের হতে পারেননি। পর্যায়ক্রমে সবাইকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।
সাজ্জাদ হোসেন বলেন, জাসদ কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে।
এদিকে, প্রতিনিধি সভার অনুমতি চেয়ে গত ২৪ সেপ্টেম্বর ডিএমপির উপ-পুলিশ কমিশনারের আবেদন করেছিল জাসদ। আবেদনে শনিবার, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জাসদ কেন্দ্রীয় কার্যালয়, (৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান) কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতিনিধি সভার জন্য মাইক ব্যবহারের অনুমতি এবং নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় দলটি।