Sylhet Today 24 PRINT

জাসদ কার্যালয়ে যুবদলের অবস্থান গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ২৬ সেপ্টেম্বর যুবদলের নেতাকর্মীদের অবস্থান এবং পরবর্তী ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে জিএম কাদের বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও করা, রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রচলিত আইনের মাধ্যমে তার প্রতিকার করতে হবে।

তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর জাসদ কার্যালয়ে একটি সভা চলাকালে যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে অবস্থান নেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২৭৮ জনকে পুলিশি হেফাজতে নেয়। পরে তাদের মধ্যে ২৭ জনকে সুনির্দিষ্ট মামলা ছাড়া বিশেষ ক্ষমতা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়।

জিএম কাদের বলেন, জাসদ নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী, সভাটি দলীয় নিয়মিত কর্মসূচির অংশ এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আয়োজন করা হয়েছিল। একটি বৈধ রাজনৈতিক দলের সভায় হামলা এবং পরবর্তীতে পুলিশি অভিযান দলটির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে সন্দেহের অবকাশ রয়েছে। বিষয়টি গণতন্ত্র চর্চার ব্যত্যয় এবং অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার অধিকার তাদেরই রয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.