সিলেটটুডে ডেস্ক | ০২ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আহ্বায়ক হচ্ছেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম।
তারা দুইজন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করেছিলেন
সোমবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই উইংয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। এনসিপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও রাখা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন এম. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা এনসিপির ক্রীড়া উইংয়ের হয়ে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে ফাহিম ভাই আহ্বায়ক ও আমি সদস্যসচিব আছি। এছাড়া সাবেক খেলোয়াড় ও অন্য সংগঠকদের রাখা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে।’
এ বিষয়ে নাজমুল ইসলাম বলেন, ‘আমরা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা বলব। পরামর্শ দেবো। শুধু ক্রিকেট নয়, সারা দেশের সব খেলা নিয়ে আমাদের কাজ হবে। ভুলত্রুটি থাকলে বলব। যারা দায়িত্বে থাকবেন, তাদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসব। পরবর্তীতে ফান্ড পেলে আমরা নিজেরাও ক্রীড়া উন্নয়নে কাজ করব।’
দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে অ্যালায়েন্সটি কাজ করবে। সোমবারের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির পূর্ণাঙ্গ লক্ষ্য ও রূপরেখা তুলে ধরা হবে।