সিলেটটুডে ডেস্ক | ১৩ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা হঠাৎ করে আতঙ্কের মধ্যে পড়েছেন। শ্রীমঙ্গলে ছাত্র সংগঠনের নেতা হাসিবুল ইসলামের ওপর হামলার পর দলটির রাজনৈতিক পর্ষদের নেত্রীর রহস্যজনক অগ্নিকাণ্ডের পর এই আতঙ্ক ভর করেছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রতিবাদ কর্মসূচিতে জোর দিচ্ছে দলটি।
গত মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য। তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত ও এনসিপির নেতারা। তবে সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় প্রশাসন প্রাথমিক তদন্ত শেষে এনসিপির এই দাবিকে নাকচ করে দিয়েছে।
গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ করে ককটেলসহ বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটছে। সরকার এইসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে। এসব ঘটনায় মামলার পর মামলা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় জড়িত থাকা সন্দেহে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করে আসছে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকার একদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের কথা বলছে, আবার অন্যদিকে ট্রাভেল পাসের প্রসঙ্গে বলছে, শেখ হাসিনাকে ট্র্যাভেল পাস দেওয়া হবে না। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথা বলছে। তবে ভারত এই চুক্তির আওতায় প্রত্যর্পণ প্রসঙ্গে ইতিবাচক সাড়া দিচ্ছে না। সরকার-দল বিএনপি, বিরোধীদল জামায়াতে ইসলামী ও এনসিপিসহ অন্য দলগুলো মনে করছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগই।
এদিকে, নিজেদের পুরনো বাড়িতে আগুনের ঘটনার পর রাতেই কুষ্টিয়ায় চলে যান এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার সকালে সেখানে সংবাদ সম্মেনে তিনি বলেন, কিছুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার বিস্তারিত উল্লেখ করে নুসরাত বলেন, ‘গত ২৮ অক্টোবর রাত সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশ কিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরও আমার কাছে বেশ কিছু হুমকি এসেছে।’
এই আগুনের ঘটনার জন্য প্রথমে কারা দায়ী সেটা জানেন না জানিয়ে নুসরাত তাবাসসুম লিখেছিলেন, 'বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।' পরে তিনি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানান, 'স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। নতুন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরাতন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে। তবে কুষ্টিয়া পুলিশ সুপার, দৌলতপুর থানার ওসিসহ স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহভাজন দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা থেকেও পুলিশের একটি বিশেষজ্ঞ টিম যাচ্ছে। অগ্নিসন্ত্রাসের এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করি, শীঘ্রই অগ্নিসন্ত্রাসের সাথে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেপ্তার হবে।'
তবে এনসিপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর বক্তব্য নাকচ করে দিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পেট্রোলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষীর কাছ থেকেও পেট্রোলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি। মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোলবোমাও ব্যবহৃত হয়নি।’
জুলাই আন্দোলনের নেতা–কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার সংসদে এ কথা উল্লেখ করে বলেছেন, সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে এই সরকার নিরাপত্তা দেবে কি না, সে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম সংসদে বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের আমাদের পথ দেখতে হবে।’
সাম্প্রতিক নাশকতা ও আক্রমণের পেছনে এনসিপি বা তাদের মিত্রদের ভয় দেখাতে বিএনপির কৌশল আছে কি না, সেই প্রশ্ন আছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে। এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেছেন, ‘নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস (জায়গা) তৈরি করে দিয়ে বিএনপি বিরোধী দলকে ভয় দেখাতে চায়, এমনটা মনে হওয়ার সংগত কারণ আছে। ভয় পেয়ে এনসিপি যাতে সরকারের অপকর্মের বিরুদ্ধে চুপ হয়ে যায়, সরকার যেভাবে চায় সেভাবে সবকিছুর সঙ্গে তাল মেলায়, সংস্কার প্রশ্নে তাদের ইচ্ছেমতো চলতে বাধ্য হয়, সেই চেষ্টা থাকতে পারে।’
তবে এনসিপি জনগণকে নিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলের রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ইতিমধ্যে দলের জেলা পর্যায়ে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায়ও আজ কর্মসূচি হচ্ছে। তাঁরা রাজপথে সোচ্চার হচ্ছেন।
নুসরাতের গ্রামের বাড়িতে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বাংলামোটর থেকে মশালমিছিল করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় ও মহানগর শাখার পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এতে অংশ নেন। আর জেলা পর্যায়ে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।