Sylhet Today 24 PRINT

ভিসা নিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) টনি বার্ক। তার সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সংগঠন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এটা নিয়ে আলোচনার সময়ে নির্ধারিত সময়ের আগে দেশটি ছাড়লেন ডা. শফিকুর রহমান।

হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসা করার অভিযোগ এবং ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের ‘শহিদ’ বলার প্রসঙ্গ তুলে শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরের অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনগুলো। একই সঙ্গে তার ভিসা অনুমোদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে ব্যাখ্যা দাবি করেছে তারা।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। এ নিয়ে পৃথক প্রতিবেদন করেছে দ্য অস্ট্রেলিয়ান ও টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সমালোচনার মুখে পড়েছেন। পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় যাওয়া জামায়াত আমির দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে দাবি করেছিলেন। এ অবস্থায় তার ভিসা অনুমোদনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, হামাসের প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছিলেন শফিকুর রহমান। সিনওয়ারকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বীরের মতো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার শাহাদাত আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’ ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত সিনওয়ার ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের নিহত হওয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এ ছাড়া বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতায় দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদেরও ‘শহিদ’ হিসেবে অভিহিত করেছিলেন শফিকুর রহমান—এমন তথ্য তুলে ধরেছে ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, শফিকুর রহমানের সফর নিয়ে যৌথ বিবৃতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)।

বার্কের প্রতিজ্ঞা ছিল, ‘কাউকে ভিসা দেওয়ার আগে তার অতীতে কোনো সমস্যা ছিল কি না তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে’। এরপরও শফিকুর রহমানকে কেন ভিসা দেওয়া হলো ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী এর জবাব দাবি করছে।

এদিকে, জামায়াত আমিরের সফর সংক্ষিপ্ত করা নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, আলোচনার জন্য শফিকুর রহমানের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার জন্য অপেক্ষা করছেন। এ কারণেই তিনি অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে ফিরে আসছেন এবং মালয়েশিয়া সফরে যাচ্ছেন না।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের (এজেএ) প্রতিবাদের বিষয়ে জুবায়ের বলেন, যেকোনো মানুষের ভিন্ন মত থাকতে পারে এবং আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। তবে প্রকৃত সত্য হলো, জামায়াত আমির সেখানে তার সব দাপ্তরিক কর্মসূচি সম্পন্ন করেছেন এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামাস নেতা সিনওয়ারের মৃত্যুর পর তাকে ‘বীর ও শহিদ’ হিসেবে প্রশংসা করেছিলেন শফিকুর রহমান। একই সঙ্গে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার জন্য শহিদের মর্যাদা কামনা করেছিলেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে সংগঠন দুটি।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস নিয়েও উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, দলটির সাবেক নেতারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন। সংগঠন দুটি জানতে পেরেছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) ২১ নভেম্বর সিডনিতে এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আতিথ্য দিয়েছে। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে খবর রয়েছে। এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের কাছে শফিকুর রহমানকে কেন দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং কোনো সরকারি প্রতিনিধি তার সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি দেশটির সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘সাবেক ইসরায়েলি বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করা হয়েছে। সামাজিক সংহতি ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্যের উদ্বেগে তাদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও হামাস নেতাদের প্রকাশ্যে মহিমান্বিত করেছেন এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উগ্র ইসলামপন্থিদের ভূমিকা সুপরিচিত। এমন নৃশংসতাকে সমর্থনকারী বা নীরব দর্শকের ভূমিকা পালনকারীদের স্বাগত জানালে অস্ট্রেলীয়দের মধ্যে বিভাজন তৈরি হতে পারে এবং সামাজিক সংহতি ক্ষুণ্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। তার অভিযোগ, জামায়াত আমির অস্ট্রেলিয়ার চরিত্রগত যোগ্যতার শর্ত পূরণ করেন না এবং তার উপস্থিতি দেশটির সামাজিক সংহতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

সালোমন সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানকে বলেন, টনি বার্ক অস্ট্রেলিয়ার জনগণকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকার মধ্যে লাকেম্বা ও ব্যাংকসটাউন রয়েছে উল্লেখ করে তিনি স্বার্থের সংঘাতের অভিযোগও তোলেন। তার ভাষ্য, অস্ট্রেলীয়দের জীবন ও দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর, তাই এ বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে।

এদিকে এ বিষয়ে মন্তব্য জানতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে ডেইলি মেইল। তবে যোগাযোগ করে কোনো মন্তব্য পেয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.