Sylhet Today 24 PRINT

গণভোটের রায় মানলে ঐক্য হবে: পরওয়ার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। কথাটি সত্য, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার ও অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও করেন তিনি। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করা সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীসহ সংগঠনের নেতারা।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আধিপত্যবাদী শক্তির প্রভাব মোকাবিলায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানান তিনি।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির শর্ত জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি।

সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেওয়া, নৈতিকতার বিকাশ এবং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলামসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.