Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী রক্ষার হরতাল প্রতিহত করুন : ইমরান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৬

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় বহালের প্রেক্ষিতে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করছে গণজাগরণ মঞ্চ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষকে নির্বিচারে হত্যার পরিকল্পনাকারী মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির রায়ে সারাদেশের জনগণ খুশি। দেশবিরোধী যুদ্ধাপরাধী সংগঠনের ডাকা হরতাল সাধারণ মানুষ বরাবরের মতোই ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলে মনে করে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, "জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সংঘবদ্ধভাবে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে এদেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশে কোনো হরতাল ডাকার অধিকার এই সংগঠনের নেই"।

তিনি বলেন, "জামায়াতের আমির যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। হরতালের নামে নাশকতার চেষ্টা করে বা কোনোরকম ষড়যন্ত্র করে এই নরঘাতককে রক্ষা করা যাবে না। বাংলাদেশের মুক্তিকামী মানুষ তা হতে দেবে না। নিজামীর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে"।

জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার (৮ মে) সকাল ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ। সেখান থেকে হরতালবিরোধী মিছিল করার ঘোষণা দিয়েছেন ইমরান এইচ সরকার।

তিনি সারাদেশের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, "জামায়াতের ডাকা যুদ্ধাপরাধী রক্ষার হরতাল প্রতিহত করুন। যার যার কাজে যোগদান করুন। জামায়াত-শিবির যেন কোনোরকম নাশকতা চালিয়ে দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক এবং রাজপথে সোচ্চার থাকতে হবে"।

তিনি সরকারের কাছে দ্রুত নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। তিনি বলেন, "যুদ্ধাপরাধী অপগোষ্ঠীকে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দেয়া যাবে না। দ্রুত জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে হবে।"

উল্লেখ্য, শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার হরতাল ডাকে জামায়াতে ইসলামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.