সিলেটটুডে ডেস্ক | ০৯ মে, ২০১৬
নির্বাচনী সহিংসতাকে স্বাভাবিক ঘটনা বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত যা কিছু ঘটেছে, তা ব্যক্তিগত রেষারেষির কারণে ঘটেছে, রাজনৈতিক কারণে নয় বলেও মন্তব্য তাঁর।
রোববার (৮ মে) বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানীর কলাবাগানের জোড়া খুন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সংবাদমাধ্যমে যেসব ছবি এসেছে তা নিয়ে গোয়েন্দা বিভাগ কাজ করছে। তা যাচাই-বাছাই করার পর বিষয়টি জানা যাবে, আসলে এ ঘটনা কারা ঘটিয়েছে।'
দেশে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আরও বলেন, 'অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের পাশে আছে।'
আরও পড়ুন : ‘হন্য হয়ে আইএস খুঁজছি’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খাঁন বলেন, 'সাভারের সিআরপির কর্ণধার মিস ভ্যালেরি শুধু মানবতার সেবক নন, তিনি একজন দেশপ্রেমিক নাগরিকও। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান মূল্যায়ন করে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছে।'
এদিকে রেড ক্রিসেন্ট 'সর্বত্র, সবার জন্য' এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার দেশজুড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।
আরও পড়ুন : বাংলাদেশে জঙ্গি আছে, আমেরিকাতেও আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি জাতীয় পতাকা ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট তৌহিদুর রহমান রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন।