Sylhet Today 24 PRINT

‘বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্য’

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০১৬

বাংলাদেশ এখন 'সন্ত্রাসের অভয়ারণ্যে' পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, 'বর্তমান ভোটারবিহীন সরকারের আমলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশে সন্ত্রাসীদের চরম দৌরাত্ম্যে মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাও নেই।'

তিনি বলেন, 'অপরাধীদেরকে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে ব্যর্থতার কারণেই বর্তমান সরকারের আমলে অপরাধ সংঘটনে সন্ত্রাসীরা আরো বেশি মাত্রায় উৎসাহিত হচ্ছে। ফলশ্রুতিতে দেশে মানুষ খুনের ঘটনা বেড়েই চলেছে।'

বিএনপির মহাসচিব বলেন, 'হত্যা, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, গুপ্তহত্যা, নারী ও শিশু নির্যাতন দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লা জেলাধীন আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এ কে এম রকিবুল ইসলাম মুকুলকে গুলি করে হত্যা করার ঘটনা তারই ধারাবাহিকতা।'

তিনি বলেন, 'দেশকে সন্ত্রাসের কবল থেকে উদ্ধার করতে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারবিহীন সরকারকে অপসারণ এবং জনগণের ভোটে নির্বাচিত ও জনগণের নিকট দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।'

বিবৃতিতে মির্জা ফখরুল ওলামা দল নেতা রকিবুল ইসলাম মুকুলকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসঙ্গে তিনি অবিলম্বে রকিবুল ইসলাম মুকুলকে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.