Sylhet Today 24 PRINT

নিজের ঘরে ইহুদি রেখে অন্যের ঘরে ইহুদি খুঁজবেন না : হান্নান শাহ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০১৬

‘‘নিজের ঘরে ইহুদি রেখে অন্যের ঘরে ইহুদি খোঁজার চেষ্টা করবেন না। আপনার (শেখ হাসিনা) পুত্রবধূ তো ইহুদি। তবে কি আমরা বলবো, ইসরায়েলের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে। এ ব্যাপারে তাকে (প্রধানমন্ত্রীর পুত্রবধূ) ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু আমরা এমনটা চাই না। শুধু বলবো, কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না।’’

এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকার ও তাদের লোকজনের যোগাযোগ ও উঠা-বসা আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন আর এটা শতভাগ সত্য।

রোববার (১৫ মে) দুপরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ স্মরণে ও ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রোববার দুপুরে সিএমপিতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার ইকবাল বাহার বলেন, ‘ভারতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সঙ্গে ‘সরকার উৎখাতের বৈঠক’র অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে পেলেই গ্রেপ্তার করা হবে। সেজন্য তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

ইকবাল বাহারের বক্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, ‘বিএনপি তথা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। কথা বললেই বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘কোনো প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল না। শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের ভাল সম্পর্ক আছে। কী কারণে সম্পর্ক আছে, তা সবাই জানেন। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। বাংলাদেশের কিছু দালালের কারণে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি। এ সরকার আমাদের অধিকার রক্ষায় কাজ করবে না। কারণ, তারা অনির্বাচিত সরকার। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে বলে দাবি করেন হান্নান শাহ।

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা ও জাগপার সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.