Sylhet Today 24 PRINT

ইফতারে রওশন এরশাদের কণ্ঠে গজল

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

বিভিন্ন সভা-সমাবেশে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ 'স্বরচিত' কবিতা আবৃত্তি করেন এটা পুরনো খবর। তবে নতুন খবর হলো এবার এরশাদ পত্নী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ গাইলেন কাজী নজরুলের লেখা যা গজল হিসেবে পরিচিত হয়ে ওঠেছে; আর এতে গলা মেলালেন এরশাদ সহ উপস্থিত অনেকেই।

ঘটনাটি জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিল ও আলোচনা সভার। শনিবার (১১ জুন) রাজধানীর গুলশান ইমান্যুয়েলস কনভেনশন সেন্টারে বক্তব্য দিতে গিয়ে গজল শুনিয়ে সবাইকে অবাক করে দেন।

কাজী নজরুল ইসলাম রচিত ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়’- নেত্রীর কণ্ঠে এই গজল শুনে নেতাকর্মীরাও চমৎকৃত হলেন। অভিনন্দন জানালেন স্বামী হুসেইন মুহম্মদ এরশাদও।

রমজানের গুরুত্ব তুলে ধরে রওশন বলেন, দরুদ শরিফ ছাড়া মহান আল্লাহ বান্দার কোনো দোয়া কবুল করেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) ছাড়া পৃথিবীতে কিছুই অর্জন সম্ভব না উল্লেখ করে তিনি গাইতে শুরু করেন, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়া, আয়রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়। ধূলির ধরা বেহেশত আজ, জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায়.....।

এসময় তার স্বামী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ ইফতার মাহফিলে অংশ নেয়া নেতাকর্মীরাও গলা মেলান।

ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, মীর আবদুস সবুর ও বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.