Sylhet Today 24 PRINT

ইতিহাস চর্চা নয়, এটা জঙ্গিবাদ ধ্বংস করার সময় : ইনু

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৬

জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের দুইদিন পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এটা ইতিহাস চর্চার বিষয় নয়; জঙ্গিবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়।

বুধবার (১৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে ইনু বলেন, “আমরা মনে করি এই সময়ে ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়। জঙ্গিবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।”

সৈয়দ আশরাফের ওই বক্তব্য নিয়ে গত দুদিন ধরে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে চলছে নানামুখি আলোচনা।

জাসদে ইনুর অংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার মঙ্গলবার বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, হাসানুল হক ইনু যখন জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক সেই মুহূর্তে সৈয়দ আশরাফের এই বক্তব্য জাতীয় ঐক্যকে বিনষ্ট করবে।”

অবশ্য ইনু বলেছেন, সৈয়দ আশরাফের মন্তব্যে ১৪ দলের ঐক্যে কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।

“পঁচাত্তরের পূর্বাপর ঘটনার বিশ্লেষণ করেই শেখ হাসিনা, আওয়ামী লীগ ও জাসদ ঐক্যের সিদ্ধান্ত নিয়েছে। তার ভিত্তিতে ১৪ দল গড়ে উঠেছে। এ ধরনের মন্তব্যে ঐক্য ও চলার পথ ক্ষতিগ্রস্থ হবে না।”

এই ঐক্য ইতোমধ্যে ‘দেশের জন্য মঙ্গলজনক’ প্রমাণিত হয়েছে মন্তব্য করে ১৪ দলের শরিক নেতাকর্মীদের ‘ধৈর্য্য’ ধরার, ‘ঐক্য’ রাখার এবং ‘কাদা ছোড়ছোড়ি না করার’ আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ইনু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। এরা যদি বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করত তাহলে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত। সব সময় লক্ষ রাখবেন হঠকারীদের কখনোই প্রশ্রয় দেবেন না। তারা বড় বড় কথা বললেও তাদের সাহস কম। এই বৈজ্ঞানিক বিপ্লবীরা শতভাগ ভণ্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.