Sylhet Today 24 PRINT

জঙ্গি দমনে জাতীয় ঐক্য : আওয়ামী লীগকেও চিঠি দেবে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গঠনের উপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগসহ সকল দলকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

সোমবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিক্রিয়ায় এ সভার আয়োজন করা হয়।

হান্নান শাহ বলেন, জঙ্গি দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্য গঠনে আওয়ামী লীগ-সহ সকল দল গুলোকে চিঠি দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্য ঠিকই করেছেন তবে তৎকালীন গণবাহিনী সন্ত্রাসীদের প্রধান আজকের তথ্যমন্ত্রী ইনুদের সাথে।

তিনি বলেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণ ও বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে নীল নকশা তৈরি করছে।

তিনি বলেন, জনগণকে ধোঁকা দিতে এবং বিরোধী পক্ষকে বেকায়দায় ফেলতেই সরকার নীলনকশা করছে আর সন্ত্রাস দমনে ঐক্য করছে সন্ত্রাসীদের সঙ্গে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার জঙ্গি দমনের নাম করে জনগণের চোখে ধুলো দিতে নামমাত্র নানা কর্মসূচি দিচ্ছে।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম পটু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.