Sylhet Today 24 PRINT

আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আইএস খুঁজে বেড়াচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৬

দেশে আইএস নেই এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আইএস খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কোথায়ও এই নামে কোনো সংগঠন পাইনি।

তিনি অভিযোগ করে বলেন, যারা আগুন–সন্ত্রাস করেছিল, তারাই পেছনে একটি কালো পর্দা লাগিয়ে আইএস লিখে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, গুলশান-শোলাকিয়ার প্রধান পৃষ্ঠপোষক জিয়া-তামিম ছাড়া আরও অনেকে আছে, শিগগিরই তা জানতে পারবেন। এদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আসাদুজ্জামান খান বলেন, গুলশান হামলার পর যখন আমরা এর উৎস খুঁজে বের করার চেষ্টা করলাম, তখন দেখলাম এরা একই। সেই একই জায়গা থেকে নিয়ন্ত্রিত, একই স্থান থেকে এদের টাকার জোগান দেওয়া হয়। এরাই আগুন–সন্ত্রাসী, এরাই জেএমবি, হুজি, হিযবুত তাহ্‌রীর। এরাই জামাত-শিবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.