Sylhet Today 24 PRINT

সাবেক মন্ত্রী হান্নান শাহ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৬

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আর নেই।

সিঙ্গাপুরের র‌্যাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর; তিনি হৃদরোগে ভুগছিলেন।

সিঙ্গাপুরে থাকা তাঁর ছোট ছেলে শাহ রিয়াদুল হান্নানের বরাত দিয়ে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। সিঙ্গাপুরে শাহ রেজানুর ছাড়াও আছেন তাঁর ছোট মেয়ে শারমিন হান্নান।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় র‌্যাফেলস্ হার্ট সেন্টারে।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারে চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন।

তখন শাহ রেজানুর জানান, অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহ’র হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু তাঁর ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হান্নান শাহ।

শায়রুল কবির খান জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে হান্নান শাহের মরদেহ ঢাকায় আসবে। এরপর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাখালী ডিওএইচএসের জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হবে। বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর তৃতীয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চতুর্থ জানাজা হবে। এরপর লাশ আবার সিএমএইচের হিমঘরে নেওয়া হবে।

আগামী শুক্রবার গাজীপুরের জয়দেবপুর উপজেলায় বিএনপির নেতা হান্নান শাহের পঞ্চম জানাজা হবে। এরপর কাপাসিয়া উপজেলায় দুটি জানাজা হবে। সেখানেই নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হবে।

হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি সাংসদ ছিলেন।

২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.