Sylhet Today 24 PRINT

জামায়াতের নতুন আমীর মকবুল, সেক্রেটারি হচ্ছেন ডা. শফিক!

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৬

যুদ্ধাপরাধীদের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে মকবুল আহমাদ শপথ নিয়েছেন। শনিবার রাতে সংগঠনের মজলিসে শূরার সদস্যদের অধিবেশনে শপথ নেন তিনি।

নতুন আমীরকে শপথ পড়ান আমীর নির্বাচন প্রক্রিয়ার প্রধান নির্বাচন কমিশনার জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম মাসুম। ওই অধিবেশনে থাকা এক জামায়াত নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই নেতা জানান, অতি গোপনীয়তার সঙ্গে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, সারা দেশের রুকনদের ভোটে মকবুল আহমাদ আমীর পদে সর্বাধিক ভোট পেয়েছেন। ২২ সেপ্টেম্বর রাতে ভোট গণনা শেষে এ ফলাফল নির্ধারিত হয়। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী জেলে যাওয়ার পর ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পান মকবুল আহমাদ। তার ফাঁসি কার্যকরের কয়েক মাসের মাথায় মকবুল আমীর পদে আসীন হলেন।

১০ আগস্ট আমীর নির্বাচনের জন্য প্যানেল চূড়ান্ত করে জামায়াতের মজলিসে শূরা। এতে শূরার ২৭৭ জন ভোট দেয়। ভোটের হিসাবে চূড়ান্ত প্যানেলে স্থান পান ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর মুজিবুর রহমান।

১৬ আগস্ট থেকে রুকনদের ভোট গ্রহণ শুরু হয়। ৫ সেপ্টেম্বর শেষ হয়। ৭ সেপ্টেম্বর থেকে ভোট গণনা শুরু হলেও মাঝ খানে রহস্যজনক কারণে ভোট গণনা বন্ধ থাকে। জামায়াতের আমীর পদে নির্বাচনের জন্য সারা দেশে দলের ৪২ হাজার ভোটার (রুকন) ছিল।

কত ভোটার দলের আমীর নির্বাচনে ভোট দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

নতুন আমীর মজলিসে শূরার সদস্যদের সঙ্গে আলোচনা করে সেক্রেটারি জেনারেলের নাম ঠিক করবেন। এক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা .শফিকুর রহমান ভারমুক্ত হতে পারেন। অথবা নতুন আমীরের পছন্দের পাত্র ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান অথবা শফিকুল ইসলাম মাসুদকে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত আমীরই জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বেছে নেন। যদিও নতুন আমীর মজলিসে শূরার সদস্যদের মতামত নেন। তবে সেক্রেটারি নির্বাচনে আমীরের সিদ্ধান্তই চূড়ান্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.