Sylhet Today 24 PRINT

জামায়াত ছাড়া সব দলকে সম্মেলনে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক পূর্ব সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তবে তারা এখনো আমাদের নিশ্চিত করেনি। যখন তাদের আসা নিশ্চিত করতে পারবো, তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা আশা করি, আমন্ত্রিত অতিথিদের আগমনের মধ্য দিয়ে আমাদের সম্মেলন আরও বর্ণাঢ্য হবে। জামায়াত ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের আর খুব বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী এ নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবারের সম্মেলন অনেক তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের বিজয়ের পথ সুগম হবে।

এ সময় উপস্থিত ছিলেন অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব দীপু মনি, কমিটির সদস্য সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, মেয়র আনিসুল হক, ফারুক খান, আবদুস সোবহান গোলাপ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

আগামী ২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.