Sylhet Today 24 PRINT

সম্মেলনে থাকবে না বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য ছাড়া অন্য কারো ছবি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৬

ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ছাড়া অন্য কারো ছবি ব্যবহার না করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সম্মেলনের দপ্তর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এবং যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (অক্টোবর ১৪) সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রস্তুতি কাজ পরিদর্শনে এসে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলনস্থল ও এর আশপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যরা ছাড়া আর কারও ছবি প্রদর্শন না করার ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সম্মেলনের অন্যান্য নির্দেশনাও সঠিকভাবে মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা।

আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে  আওয়ামী লীগের সম্মেলন। এ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.