Sylhet Today 24 PRINT

সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৬

 

নিজেদের ২০ তম জাতীয় সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এসময় তাদের স্বাগত জানান মির্জা ফখরুল। তাঁর হাতে দুজনের আমন্ত্রণপত্র তুলে দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে মৃণাল কান্তির সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক রিয়াজুল কবির কাওসার, হাসান কবির আরিফ ও আনিসুর রহমান।

মৃণাল কান্তি দাস জানান, আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মির্জা ফখরুল আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.