Sylhet Today 24 PRINT

‘প্রয়োজনে’ মায়ানমার অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৬

মায়ানমারে ‘গণহত্যা’ বন্ধ না হলে প্রয়োজনে মায়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে দলটি আগামী ১২ ডিসেম্বর ঢাকায় মায়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে।

মায়ানমারে নির্বিচারে মুসলিম হত্যা,নারী ও শিশু ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি মিছিল দৈনিক বাংলা ঘুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে গিয়ে শেষ হয়।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেন, মায়ানমারে পাইকারি হারে মুসলিম নিধন চালাচ্ছে সরকার এবং সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনী গুলি করে ৩০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে। মায়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থা চেখে ঠুসি দিয়ে বসে আছে। এরপর যদি নির্বিচারে হত্যা বন্ধ না করা হয়, তাহলে প্রয়োজনে মায়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করবে দলটি।

অং সান সূচিকে হত্যাকারী হিসাবে উল্লেখ করে তাকে দেয়া নোবেল পুরস্কার প্রত্যাহারের আহবান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম ও মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.