Sylhet Today 24 PRINT

আদালতে খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন।

বিচারক আবু আহম্মেদ জমাদ্দার সকাল ১০.৩০ মিনিটে এজলাসে বসেন। বিচারক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী দুদকের উপ পরিচালক হারুন অর রশীদকে আসামি কাজী সলিমুল হক কামালের আইনজীবী জেরা শুরু করেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর এ মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়া তার বক্তব্য দেওয়া শুরু করেন। সেদিন তিনি আংশিক বক্তব্য দেন। সেদিনের বক্তব্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে আদালতকে জানান খালেদা জিয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনও বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ওই মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.