Sylhet Today 24 PRINT

৫ জানুয়ারি ঢাকায় পৃথক সমাবেশ করবে আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৬

‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে আগামী ৫ জানুয়ারি রাজধানীতে দুটি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।

ওবায়দুল কাদের জানান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে ধানমন্ডির রাসেল স্কয়ারে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করা হবে। একই সঙ্গে দেশের সব জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটি আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে। তবে বিএনপি এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। এই দিন বিএনপি সারা দেশে কালো পতাকা উত্তোলন এবং ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.